পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশের সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত এলাকায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত জুড়ে কাঁটাতার বসানোর কাজ দ্রুত শেষ করতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এর মধ্যেই উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা 'চিকেনস নেক'-এর নিরাপত্তা ঘিরে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শিলিগুড়ি করিডরের প্রায় ১২০ একর জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে এই জমি হস্তান্তরের বিষয়টি ঝুলে ছিল বলে জানা গিয়েছে। অবশেষে সেই জট কাটিয়ে সীমান্ত নিরাপত্তাকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভৌগোলিক দিক থেকে শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা।
এই সরু ভূখণ্ডের চারপাশে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিনের মতো দেশ। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র প্রধান স্থলপথ হওয়ায় কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। গোয়েন্দারা জানাচ্ছেন, অস্ত্র পাচার, মাদক চোরাচালান এবং জাল নোটের রুট হিসেবেও এই অঞ্চলকে ব্যবহার করার চেষ্টা চলে দীর্ঘদিন ধরেই। পাশাপাশি অনুপ্রবেশের ঘটনাও প্রশাসনের কাছে বড় উদ্বেগের বিষয়। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে এই অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ ছিল, দেশের নিরাপত্তা নিয়ে উদাসীনতার কারণেই শিলিগুড়ি করিডরকে ঘিরে নানা বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছিলেন।আরও পড়ুন:
সরকার বদলের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে প্রশাসন। জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি থাকা একাধিক গুরুত্বপূর্ণ জমি ধাপে ধাপে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।