আইপ্যাকের দফতরে ইডি হানার প্রতিবাদে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মিছিলে নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের এই মিছিলে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে লক্ষাধিক মানুষ সমর্থন জানান। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন বহু মহিলা বহুতল থেকে নেমে এসে সরাসরি মিছিলে যোগ দেন। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুইস পার্কের বাসিন্দা রূপা চক্রবর্তী বলেন, সমস্ত নথি জমা দিয়েও অনিশ্চয়তা কাটেনি। একই উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ নাগরিক সীমা চ্যাটার্জিও।
মিছিল শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই নিয়ে তিনি দিল্লি যাবেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেওয়া হবে না। মিছিলে তাঁর সঙ্গে পা মেলান অভিনেতা দেব, সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ-সহ তৃণমূলের একাধিক সাংসদ, মন্ত্রী ও বিধায়ক। বিজেপিকে কড়া আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটাধিকার রক্ষায় তৃণমূল আপসহীন লড়াই চালিয়ে যাবে।





























