পুবের কলম প্রতিবেদক: সন্দেশখালির বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার এক সাংবাদিক বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি সন্দেশখালির বাসিন্দাদের শেষ আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায়ই দেবেন।’

রাজনৈতিক টানাপোড়েনে অশান্ত সন্দেশখালির সাধারণ দরিদ্র মানুষেরা কোনদিকে যাবেন, ওরা এখন চাইছেন বলেও জানান তিনি। ওন্যদিকে  রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদারের হোটেল বন্দি প্রসঙ্গে তিনি বলেন, বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকলে পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নেবেই।

আমরাও বিরোধী হিসেবে আন্দোলন করতে গিয়ে লাঠি খেয়েছি। পুলিশ ওখানে সংযমী হয়েই পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে। পুজোর দিনে বাচ্চাদের আনন্দ বিসর্জন করে তারা আন্দোলন করতেই পারেন। মানুষ এর বিচার করবেন বলেও এদিন  মন্তব্য করেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

অন্যদিকে, ১৪৪ ধারা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আদালত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেননি। নির্দিষ্ট জায়গায় করতে বলেছেন। আমরা চাই এলাকায় শান্তি ফিরে আসুক। যে সব মানুষেরা বঞ্চিত হয়েছেন, জমি কেড়ে নেওয়া হয়েছে বলে খবরে আসছে, তারা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাক বলেও মন্তব্য করেন ।