পুবের কলম, ওয়েবডেস্ক: লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। তিনি এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। জেনেভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লেবানন-এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে বুধবারের হামলায় অন্তত ১১২ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা পরিস্থিতির ভয়াবহতাকেই স্পষ্ট করে তুলছে।
ভলকার তুর্ক বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন হামলা ‘বিশ্বাসের অতীত’।
তিনি আরও জানান, বৈরুতের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে বহু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এবং হাসপাতালগুলো আহতদের চাপে কার্যত ভেঙে পড়ার মুখে। এই পরিস্থিতিকে তিনি ‘একটি দুঃস্বপ্ন’ হিসেবে উল্লেখ করেন।
জাতিসঙ্ঘের এই শীর্ষ মানবাধিকার কর্মকর্তা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক মানুষ ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক। প্রতিটি সামরিক অভিযানে এই নীতিগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি, সব ধরনের হামলার অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
এদিকে, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ-র দিক থেকেও ইসরায়েলে রকেট ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন তুর্ক। তিনি উভয় পক্ষকেই অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। চলমান এই সংঘাতে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। তুর্কের কথায়, “এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে আঞ্চলিক শান্তি অধরাই থেকে যাবে।”