পুবের কলম: হাওড়া জেলার বীরশিবপুরের হেরিটেজ মিশনে জামাতে ইসলামী হিন্দ-এর বীরশিবপুর মোকামের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো সাংবাদিকতা ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা। সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনভর এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের বহু যুবক-যুবতী অংশ নেন।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন হাফেজ কারী কাজী মিসবাহউদ্দিন। প্রারম্ভিক বক্তব্য রাখেন সাংবাদিক সেখ লিয়াকত হোসেন, যিনি কর্মশালার আয়োজকও ছিলেন। উলুবেড়িয়া ব্লক সেক্রেটারি সৈয়দ আমিরুল হাসান সমাজ গঠনে মিডিয়ার ভূমিকা তুলে ধরেন।

জামাআতে ইসলামীর রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পরিচালনার কৌশল উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক মোকতার হোসেন মণ্ডল। তিনি হাতে-কলমে রিপোর্ট লেখার প্রশিক্ষণ দেন। এছাড়া হাওড়া জেলা মিডিয়া সেক্রেটারি আব্দুল আজিজ ফেক ছবি ও ভিডিও যাচাইয়ের পদ্ধতি শেখান এবং জি আই এর কর্ণধার সাকিরুল ইসলাম ইউটিউব চ্যানেল তৈরির প্রক্রিয়া তুলে ধরেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ আলম,উত্তরের সারাদিন পত্রিকার সাংবাদিক যোবায়ের হোসেন, নিটজী এডুকেয়ার মিশনের মুন্সী আমিরুল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জামাআতের বিভাগীয় সেক্রেটারি সেখ সাবির আলী।