দেবশ্রী মজুমদার, রামপুরহাট:পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রামপুরহাট বালিকা বিদ‍্যালয়ে মেগা ক‍্যুইজের আয়োজন মুগ্ধ করলো রামপুরহাট বাসীকে। আর সেখানে সাবলীল হিন্দি, বাংলা ও ইংরেজিতে সঞ্চালনায় রামপুরহাটবাসীর মনোরঞ্জন করলেন  রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক সায়ন  আহমেদ। ক‍্যুইজের বিষয় বিভিন্ন বিষয়ের উপর হলেও মূলতঃ জোর ছিল দেশের স্বাধীনতা আন্দোলনের উপর। মুরারই, পাইকর,নলহাটি, রামপুরহাট সহ মহকুমার বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই মেগা ক‍্যুইজ অনুষ্ঠানে যোগদান করেন।

লকডাউনে দীর্ঘ বদ্ধ অবস্থার পর এই ক‍্যুইজ অনুষ্ঠান শুধু মুক্তির স্বাদ এনে দিল তাই নয়, দেশ ও অর্জিত স্বাধীনতা নিয়ে নতুন প্রজন্ম কতটা জানে তা উঠে এল সবার সামনে। ক‍্যুইজে ছোট ছোট মজা ও হাত তালির মাঝে মজে যায় স্বাধীনতা উদযাপনের বিকেল। কতগুলো টিম গঠন করে কয়েকটি রাউণ্ডের সমাপ্তি ও পুরস্কার বিতরণের মধ‍্য দিয়ে শেষ  হয় এই অনুষ্ঠান। এই পুরো অনুষ্ঠানে বজায় ছিল মহামারী ও দূরত্ব বিধি নিয়ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়, মহকুমা শাসক সাদ্দাম নাভাস এবং অন‍্যান‍্য আধিকারিকরা।