পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বক্তব্যের শুরুতেই তিনি ড. বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং তারপরেই আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন।
 
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশজুড়ে বিজেপি ও আরএসএস ঘৃণা ও বিভেদের রাজনীতি ছড়াচ্ছে। তাঁর কথায়, “এই ঘৃণার বিরুদ্ধে লড়াই করতেই আমি পথে নেমেছি।

আমার দেশ ভালবাসা শেখায়, ঘৃণা নয়।” এই প্রসঙ্গে তিনি তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’র কথাও উল্লেখ করেন।
 
পাশাপাশি তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, “তিনি আমার চোখে চোখ রাখতে পারেন না।” ভোটে কারচুপির অভিযোগ তুলে রাহুল দাবি করেন, মহারাষ্ট্র, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ভোট চুরি হয়েছে এবং পশ্চিমবঙ্গেও সেই চেষ্টা চলছে।

 
এদিন তাঁর বক্তব্যে আন্তর্জাতিক প্রসঙ্গও উঠে আসে। তিনি দাবি করেন, বিদেশনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তে কেন্দ্র সরকার অন্য দেশের প্রভাবমুক্ত নয়। শিল্পপতি ও বড় কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সভা শেষে রাহুল গান্ধী বলেন, রায়গঞ্জ প্রাক্তন কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির কর্মভূমি এবং তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস।