পুবের কলম,প্রতিবেদকঃ  সোমবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজিত পার্ক সার্কাস ময়দানের মিলন উৎসবে শিক্ষাক্ষেত্রে সফল কর্মকাণ্ডের জন্য মুর্শিদাবাদের তারিফা মেমোরিয়াল চ্যারিট্যাবল ট্রাস্টের কর্ণধার শিক্ষাব্রতী ও সমাজসেবী মুহাম্মদ আইজুদ্দিন মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়।

মিলন উৎসবের মঞ্চে এদিন সংবর্ধনা তুলে দেন পুবের কলম পত্রিকার সম্পাদক প্রাক্তন সাংসদ ও  বিত্ত নিগমের অন্যতম সদস্য আহমদ হাসান ইমরান ও সাংসদ নাদিমুল হক। উপস্থিত ছিলেন বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্গ বিশ্বাস ও অন্যান্য আধিকারিকরা।

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে পুবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান বলেন, এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের পাশাপাশি খ্রীষ্টান-বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা ভালো কাজ করছেন। এরাজ্যে মেয়েদেরও ভালো কাজের প্রতি আগ্রহ বেড়েছে।

আহমদ হাসান ইমরান মুর্শিদাবাদের শিক্ষাক্ষেত্রের চিত্র তুলে ধরে বলেন, শিক্ষা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলা ছিল মুর্শিদাবাদ। এই জেলার পিছিয়ে পড়া সংখ্যালঘু পড়ুয়াদের উন্নয়নে এগিয়ে এসেছেন বহু মানুষ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, মুর্শিদাবাদের বহরমপুর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম টিকটিকিপাড়ায় বেড়ে ওঠা আইজুদ্দিন মণ্ডল।

আহমদ হাসান ইমরান বলেন, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রাজনৈতিক বিদ্বেষ হানাহানি লেগেই থাকতো তা এখন কমেছে।

সেখানে শিক্ষার উন্নয়ন হয়েছে। আইজুদ্দিন মণ্ডলের প্রয়াসে গড়ে উঠেছে তারিফা মেমোরিয়াল টিসার্স ট্রেনিং কলেজ তারিফা মোমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট এতিমখানা প্রভৃতি প্রতিষ্ঠান।

রাজ্যের  শিক্ষা ক্ষেত্রে  নুরুল ইসলাম প্রতিষ্ঠিত আল আমীন মরহুম আবদুল মুজিদ প্রতিষ্ঠিত মাওলানা আজাদ অ্যাকাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আইজুদ্দিন মণ্ডল স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি মুর্শিদাবাদ জেলার শিক্ষা ক্ষেত্রে অনন্য নজির তৈরি হয়েছে। আহমদ হাসান ইমরান এদিন বিত্ত নিগমের আধিকারিক ও সাংসদ নাদিমুল হকের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সাংসদ নাদিমুল হক বলেন, যাঁরা সফলভাবে কাজকর্ম করছেন, তাঁদের সম্মান প্রদান করছে বিত্ত নিগম। এতে আরও উৎসাহিত হবেন তাঁরা। তাঁদের দেখতে অন্যান্যরাও উৎসাহ পাবেন।

সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক বিশ্বাস বলেন, বিত্ত নিগম আয়োজিত মিলন উৎসবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। রক্তদান, স্বাস্থ্য শিবির, হেলথ চেকআপ ক্যারিয়ার কাউন্সেলিং, বিত্ত  নিগমের সহযোগিতায় সফল স্বনির্ভর গোষ্ঠীদের বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

সকলকে উৎসাহ প্রদান ও সহযোগিতার জন্য এই উদ্যোগ নিয়েছে বিত্ত নিগম।

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত হওয়ার পর আইজুদ্দিন মন্ডল আহমদ হাসান ইমরানের ভূয়সী প্রশংসা করেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আহমদ হাসান ইমরানের উদ্যোগে বিত্ত নিগমের এই সম্মান মিলেছে।

আইজুদ্দিন বলেন, ভালো কাজের সম্মান রয়েছে। ভালো কাজ যাঁরা করেননি, তাঁরা স্বাদ পাচ্ছেন না। তিনি আরও বলেন, আমরা সকলে মানুষ। মানুষ-মানুষের জন্য কিছু করা সকলের দায়িত্ব ও কর্তব্য। প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। পড়াশোনায় সহযোগিতার অভাব ছিল।

তাই ভেবেছিলাম দুস্থদের পাশে দাঁড়াবো। এখন সেই জায়গায় পৌঁছেছি।  বড় হয়ে গ্রামবাংলার মেধাবী, দুস্থ, এতিম পড়ুয়াদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠা করেছি শিক্ষা প্রতিষ্ঠান। বহু ছাত্রছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপকৃত হচ্ছে। শুধু পড়াশোনা নয়, পড়ুয়াদের প্রতিষ্ঠিত করে তোলাই একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আইজুদ্দিন মণ্ডলের।

২০০৯ সালে শুরু হয়। ২০১১ সাল থেকে পঠন-পাঠন চালু হয়।  বিএড ডিএলএড ফার্মাসি স্কুল এতিমখানা। শুরু হয় আবাসিক স্কুল।  মেধাবি-দরিদ্র পরিবারের পড়ুয়াদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠান।