পুবের কলম, ওয়েবডেস্কঃ মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের কবলে পড়ে বিপর্যস্ত উত্তরাখণ্ডের নৈনিতাল। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তিনটি সেনা হেলিকপ্টারকে উদ্দারকার্যে কাজে লাগানো হয়েছে। এখনও পর্যন্ত আটকে বহু মানুষ।  কোশী নদীর জল রামনগর-রানিক্ষেতের লেমন টি রির্সটে ঢুকে পড়েছে।

সেই রির্সটে আটকা পড়েছেন প্রায় ১০০ জন।

ভূমিধসে সেতু ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে চাষের ফসল। জলমগ্ন ট্রেন লাইন। উত্তরাখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৈনিতাল। নৈনিতালের মাল রোড এবং নাইনী লেকের নৈনা দেবী মন্দির প্লাবিত হয়েছে।  অন্যদিকে ভূমিধসের কারণে একটি হোস্টেল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে'। তিনটি হেলিকপ্টার দুর্গত এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছে।'

নৈনিতালের এসএসপি প্রিয়দর্শনী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "নৈনিতাল জেলার রামগড়ের একটি গ্রামে থেকে আটকে পড়া কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে কিছুটা হলেও কমবে বৃষ্টির পরিমাণ। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে।
এদিকে, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে গাড়ওয়ালে আবহাওয়া পরিষ্কার থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন পর্যন্ত গাড়োয়াল অঞ্চলে বৃষ্টি হবে না।

প্রসঙ্গত, টানা তিনদিনের বৃষ্টিতে নাজেহাল উত্তরাখণ্ডের নৈনিতালের জনজীবন। রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সেতু ভেঙে পড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে জলস্তর। কালাধুঙ্গি ও হলদওয়ানি, ভাওয়ালির রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া নৈনিতালের অবস্থা ভাইরাল হয়েছে।