পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি সংলগ্ন নয়ডার সঙ্গে উত্তরপ্রদেশের শিল্প শহর কানপুরের সঙ্গে জুড়তে এক্সপ্রেসওয়ের নকশা প্রকাশ্যে  এসেছে। এর আগে কানপুরকে হাপুড়ের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল, কিন্তু তা বদলে নয়ডা-কানপুর এক্সপ্রেসওয়েকে হাপুড়ের সঙ্গে যুক্ত করার জন্য ৬০ কিলোমিটার লম্বা কানেকটর রোড তৈরি হবে। দিল্লি-এনসিআরকে এবং কানপুর সংযোগকারী এক্সপ্রেসওয়ে তৈরির মুখ্য উদ্দেশ্য হল জেবর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে প্রাধান্য দেওয়া।

নয়ডা-কানপুর ৬ লেনের এক্সপ্রেসওয়ে

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই নয়া এক্সপ্রেসওয়ের ডিপিআর তৈরি করেছে, যা সড়ক পরিবহণ মন্ত্রকের অনুমোদনের পর চূড়ান্ত রূপ দেওয়া হবে।

নয়ডা-কানপুর এক্সপ্রেসওয়েকে কানপুর থেকে কনৌজ পর্যন্ত জিটি রোডের উপর তৈরি করা হবে। এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ৩৮০ কিলোমিটার। এই রোড বুন্দেলশহর,  কাসগঞ্জ, এটা, মৈনপুরী এবং কনৌজ হয়ে কানপুর পৌঁছবে। উল্লেখযোগ্য বিষয় হল, কনৌজের পর এই এক্সপ্রেসওয়ে গ্রীনফিল্ড এক্সপ্রেসওয়ে হবে এবং আলিগড়ের পথ ধরে নয়ডা পৌঁছবে। নয়া এক্সপ্রেসওয়ে নয়ডার সিরসায় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েকেও যুক্ত করবে।