গিনি-বিসাউ: সদ্যোজাত শিশুদের উপর হেপাটাইটিস বি টিকার পরীক্ষামূলক প্রয়োগ ঘিরে বিতর্ক। শেষ পর্যন্ত গবেষণাটি বাতিল করল পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউ। গবেষণাটিকে ‘অনৈতিক’ এবং ‘নব্য ঔপনিবেশিক’ বলে অভিযোগ তুলেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। আমেরিকার অর্থসাহায্যে এই পরীক্ষা চালানোর পরিকল্পনা হয়েছিল। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের আমলে গবেষণার জন্য অর্থ বরাদ্দ করা হয়। বিতর্কের মধ্যে গবেষণাকেন্দ্র থেকে এক দফা টিকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সুপারিশ, জন্মের পরেই সদ্যোজাতদের হেপাটাইটিস বি টিকা দেওয়া উচিত। কিন্তু প্রস্তাবিত গবেষণায় ১৪ হাজার শিশুর অর্ধেককে এই টিকা দেওয়ার পরিকল্পনা ছিল না। ১৯৭৮ সাল থেকে গিনি-বিসাউয়ে কাজ করছে বান্দিম হেলথ প্রজেক্ট। সেখানেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল। গবেষকদের দাবি, জন্মের সময় টিকা দিলে সংক্রমণ প্রতিরোধ ছাড়াও শরীরে অন্য কোনও প্রভাব পড়ে কি না, তা যাচাই করাই উদ্দেশ্য। ২০২৫ সালের ডিসেম্বরে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ডেনমার্কের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ককে ১৬ লক্ষ ডলার বরাদ্দ করেছিল।

হু-র আপত্তি ছিল, শিশুদের সুরক্ষার জন্য স্বীকৃত একটি টিকা ইচ্ছাকৃত ভাবে একাংশকে না দেওয়া অনৈতিক। সংস্থার গিনি-বিসাউ প্রতিনিধি ওয়াল্টার কাজাদি মুলোম্বো জানান, গবেষণার প্রকাশ্য প্রোটোকল না পাওয়ায় তাঁরা উদ্বিগ্ন হন। দেশের প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ হেপাটাইটিস বি-তে আক্রান্ত। এই ভাইরাস যকৃতের ক্ষতি করে। শৈশবে সংক্রমিত হলে দীর্ঘস্থায়ী রোগের আশঙ্কা বেশি।
জানুয়ারিতেই গবেষণাটি নিষিদ্ধ করেছিল গিনি-বিসাউ সরকার।

অক্টোবরে স্বাস্থ্যমন্ত্রী কুইনহিন নানতন্তে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ডেনমার্কের বিশ্ববিদ্যালয় অনুমোদনের দাবি করলেও তা অস্বীকার করে গিনি-বিসাউ সরকার।

আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যাভিন ইয়ামি গবেষণাটিকে ‘নব্য ঔপনিবেশিকতা’ বলে সমালোচনা করেন। তাঁর প্রশ্ন, এই পরীক্ষা ডেনমার্কে না করে আফ্রিকার দরিদ্র দেশে কেন? বিশ্ববিদ্যালয়ের ডিন ইয়াকব গ্রাউসলুন্ড অবশ্য জানিয়েছেন, গবেষণা শুরু হয়নি। কোনও শিশুর নাম নথিভুক্তও করা হয়নি।
১৯ অক্টোবর রাজধানী বিসাউয়ের গবেষণাকেন্দ্রে তল্লাশি চালিয়ে হেপাটাইটিস বি টিকার এক দফা ডোজ বাজেয়াপ্ত করে পুলিশ। কতগুলি ডোজ বাজেয়াপ্ত হয়েছে, তা জানানো হয়নি। এ দিকে, কেনেডির নেতৃত্বে মার্কিন টিকা নীতিতে সদ্যোজাতদের জন্মের সময় হেপাটাইটিস বি টিকা দেওয়ার দীর্ঘদিনের সুপারিশ বদলের চেষ্টা হয়েছিল।