পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দিতে "যুবসাথী প্রকল্প" চালু করেছে রাজ্য সরকার। আবেদনকারীদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলেও জট তৈরি হয়েছে। বহু আবেদনকারী এখনও টাকা পাননি। এই অবস্থায় আবেদন করার পরেও যারা দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাননি তাঁদের উদ্দেশ্যে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যুবসাথী’ প্রকল্পের অর্থ প্রাপ্তি ঘিরে একাধিক অভিযোগ সামনে আসতেই পুরুলিয়ার মানবাজারের সভা থেকে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিলেন তিনি।

 

রবিবারের সভা থেকে মমতা জানান, যাঁরা আবেদন করার পরও দেড় হাজার টাকার আর্থিক সহায়তা পাননি, তাঁদের বেশিরভাগ ক্ষেত্রেই তথ্যের পুনরাবৃত্তি বা ডুপ্লিকেশন সমস্যার কারণে জট তৈরি হয়েছে। খুব শিগগিরই সেই সব আবেদনকারীদের ডেকে নথি সংশোধনের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। মমতার আশ্বাস সকলেই যাতে টাকা পান,  সে বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত এই প্রকল্পের আওতায় ১ এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই মার্চের শুরু থেকেই কিছু উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পৌঁছাতে শুরু করে।

এরপরই বিভিন্ন সমস্যা সামনে আসে। অনেকের দাবি, আবেদন করার পরও টাকা মেলেনি, আবার কারও মোবাইলে অর্থ জমার বার্তা এলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে লেনদেন ব্যর্থ হওয়ার বার্তাও এসেছে। এই প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীদের একাংশ এই অর্থসাহায্যকে কটাক্ষ করে ‘ভিক্ষা’ বলে উল্লেখ করেছে এবং অভিযোগ তুলেছে, কর্মসংস্থানের বদলে আর্থিক অনুদান দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই উদ্যোগ কোনও ভাতা নয়, বরং যুবকদের প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়ার একটি প্রচেষ্টা। তাঁর কথায়, এটি এমন একটি সহায়তা, যা তরুণ প্রজন্মকে নিজেদের পায়ে দাঁড়ানোর পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং ভবিষ্যতে জীবিকা গড়ে তোলার জন্য প্রাথমিক ভরসা হিসেবে কাজ করবে।