পুবের কলম, ওয়েবডেস্ক: এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের চাঁদের হাট হয়ে উঠবে মনে করা হচ্ছে। দেশ ও বিদেশ থেকে বেশকিছু শিল্পপতি অংশ নিচ্ছেন। স্পেন, আরব আমিরশাহি, পোল্যান্ড এবং ব্রিটেন থেকে আসছেন সবথেকে বেশি প্রতিনিধি বলে জানা গিয়েছে। সম্মেলনের হাত ধরে রাজ্যে বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসতে চলেছে।
সম্মেলনের মঞ্চ থেকেই এই সব বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হবে বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরের পর বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলি রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে।আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, ব্রিটেন থেকে আসছেন ৫৫ জন প্রতিনিধি এবং স্পেন থেকে ৮ জন। বস্ত্রশিল্পে বিনিয়োগের ফলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
পূর্ব ভারতের প্রথম ডেনিম ফ্যাক্টরি গড়ে উঠতে চলেছে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনানে। সেখানে প্রায় ১৯৫ কোটি টাকা বিনিয়োগ করে বছরে ১.৭ কোটি মিটার ডেনিম উৎপাদন কেন্দ্র তৈরি করবে বেসরকারি সংস্থাটি। আবার, নদিয়ায় অন্য একটি সংস্থা ৭০-১০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলতে চলেছে একটি রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি। সেখানে ২ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করছে রাজ্য। আরও বেশকিছু সংস্থা এরাজ্যে বিনিয়োগ করতে চলেছে বলে খবর।