দেবশ্রী মজুমদার, লাভপুর: প্রতিবেশীর সাথে বিবাদের জেরে খুন হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে লাভপুর থানার অন্তর্গত ঠিবা গ্রামের বাগদি পাড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম ধর্ম দাসী বাগদি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার সাথে পাশের বাড়ির পাশের এক জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে অশান্তি চলছিল। ঐ জায়গা নিয়ে প্রতিবেশী বাবু বাগদির সঙ্গে বৃদ্ধা ধর্ম দাসীর নিত্য অশান্তি লেগেই থাকতো।
অভিযুক্ত বাবু বাগদির স্ত্রী স্বাতী বাগদি বলেন, "আমার স্বামী নির্দোষ। ওকে ওই বৃদ্ধা গালিগালাজ করে। আমার স্বামী কোন ভাবে ওকে মারে নি। পরে গিয়ে মাথায় লেগেছে। "
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃ্দ্ধার মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রযেছে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।