পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী হয়েছেন বাড়ির মেজো ছেলে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই গর্বে বুক ভরে গিয়েছে বাবা মায়ের। বাড়িতে ফিরতেই ছেলের জন্য তাঁর পছন্দের সব পদ নিজের হাতে রান্না করলেন মা গায়ত্রী অধিকারী। রবিবার দুপুরে মায়ের হাতে রান্না করা খাবার জমিয়ে খেয়ে মধ্যাহ্নভোজন সারলেন শুভেন্দু।

 

শনিবার সকালে ব্রিগেডে শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী। এরপর পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে পৌঁছন রবিবার গভীর রাতে। সকাল থেকেই নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ছিল উপচে পড়া ভিড়। তারই মধ্যে ছেলের পছন্দের একাধিক পদ একে একে রান্না সেরে ফেলেন গায়ত্রী দেবী।

তাঁর কথায়, ইলিশ মেজো ছেলের অর্থাৎ শুভেন্দু অধিকারীর খুব পছন্দের। সেইমতো বিশ্ব মাতৃদিবসে এদিনের মেনুতে ছিল ভাত, দুরকমের তরকারি, এঁচোড় চিংড়ি, ইলিশ ভাপা ও মুরগির মাংস। এদিন ছেলের সব পছন্দের পদ রান্না করলেও তাঁর পাতে ছিল না দই মিষ্টি। গায়ত্রি দেবীর কথায়, ছেলের কাঁধে গোটা বাংলার দায়িত্ব তাই সুস্থ থাকাটা তাঁর জরুরি।
সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর পাতে দই, মিষ্টি রাখেননি। 

উল্লেখ্য, এবার বঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রথম বার সরকার গঠন করেছে বিজেপি। শুক্রবার বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে খুশির হাওয়া। গায়ত্রী দেবী তখনই ঠিক করে নিয়েছিলেন ছেলে ঘরে ফিরলেই তাঁর পছন্দের সব খাবার রান্না করবেন। এদিন মধ্যাহ্নভোজন সেড়ে বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। আগামীকাল নবান্নে রয়েছে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।