পুবের কলম,ওয়েবডেস্ক: চলছে বাদল অধিবেশন। শুরু থেকেই মণিপুর ইস্যুতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদের উভয় কক্ষ। বাদল অধিবেশনের ষষ্ঠ দিনও ব্যতিক্রম কিছু নয়। এদিন মণিপুরকাণ্ড নিয়ে অভিনব প্রতিবাদ দেখল সংসদ। মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার সংসদে এলেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা।
মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরি, ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সাংসদেরা কালো পোশাক পরিধান করে এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়াও যারা কালো পোশাক পরে আসতে পারেননি তারা কালো রঙের আর্ম ব্যান্ড পরে এই প্রতীকী প্রতিবাদে শামিল হয়েছিলেন। অধিবেশন শুরু হওয়ার পূর্বে গান্ধি মূর্তির সামনে বিক্ষোভও দেখান তারা। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর জবাবের দাবিতে স্লোগান তোলেন বিরোধীরা।

উল্লেখ্য, বিজেপি শাসিত মণিপুরে দীর্ঘ তিন মাস ধরে  ধারাবাহিক হিংসা এবং নারী নির্যাতন নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।