পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর রাতারাতি বদলে গিয়েছে পরিস্থিতি। পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে ভিসার মেয়াদ থাকলেও ভারতে থাকা অসম্ভব হয়ে পড়েছে বিভিন্ন প্রয়োজনে এ দেশে আসা পাকিস্তানিদের পক্ষে। এদের কেউ ভারতে এসেছেন চিকিৎসার জন্য তো কেউ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। পরিস্থিতির ফেরে এখন চরম আশংকা, উৎকণ্ঠায় রয়েছে তারা। এমনই এক ব্যক্তি তাঁর দুই সন্তানের (একজনের বয়স ৯ অন্যজনের ৭) হার্টের চিকিৎসার জন্য দিল্লি এসেছেন পাকিস্তানের লাহোর থেকে। এখন পড়েছেন চরম আতান্তরে। জানালেন, জন্মের পর থেকেই তাঁর সন্তানদের হার্টে সমস্যা রয়েছে। যে ধরনের আধুনিক চিকিৎসার প্রয়োজন সেটা দিল্লিতে রয়েছে। কিন্তু, পহেলগাঁওয়ের ঘটনার (Pahalgam Terror Attack) পর তাঁকে অবিলম্বে পাকিস্তানে ফিরে যেতে বলা হচ্ছে।

সামনের সপ্তাহেই তাঁর সন্তানদের অপারেশনের তারিখ রয়েছে। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা তাঁর সঙ্গে সহযোগিতা করছেন। কিন্তু, পুলিশ ও ভারতীয় বিদেশ মন্ত্রকের অফিস থেকে লাগাতার চাপ দেওয়া হচ্ছে অবিলম্বে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য। ওই ব্যক্তির কথায়, ‘আমি সরকারের কাছে আবেদন করেছি, আমার সন্তানদের চিকিৎসাটা অন্তত হয়ে যাক। কারণ, থাকা, যাতায়াত ও চিকিৎসা মিলিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। এখন অপারেশন না হলে খুব বড় বিপদ হয়ে যাবে আমার সন্তানদের জন্য।’

Pahalgam Terror Attack: ভিসা বাতিল: আতান্তরে ভারতে আসা পকিস্তানিরা দুই বোন। (বাঁ দিকে) জ়ৈনব। বোন জানিশ (ডান দিকে)

অনেকে যেমন চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন আবার কেউ কেউ এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।

এমনই এক পরিবারের সদস্য অক্ষয়। জানালেন, বালুচিস্তান থেকে এসেছেন। ওয়াঘা সীমান্তে তাঁকে আটকে দেওয়া হয়েছে। ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি। কিন্তু, ওয়াঘা সীমান্তের কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে প্রবেশ করা যাবে না। কারণ, ভারত সরকার সমস্ত ভিসাই বাতিল করে দিয়েছে।

Pahalgam Terror Attack: ভিসা বাতিল: আতান্তরে ভারতে আসা পকিস্তানিরা আটারি-ওয়াঘা সীমান্তের কাছে এক বিদেশী পর্যটকের নথিপত্র পরীক্ষা করছেন নিরাপত্তা কর্মীরা।

ভিসা বাতিলের কারণে পাকিস্তান থেকে মায়ের সঙ্গে আসা এক কিশোর-কিশোরীও (১১ বছর ও ৯ বছর বয়সি) পড়েছে বিপদে। অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামার বাড়িতে এসেছিল তারা। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে মাকে দিল্লিতে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে তাদের।

কয়েক দিন আগেই দিল্লিতে এসেছিল তারা। তাদের মা ভারতের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকি যেসব ভারতীয় পাকিস্তানে রয়েছে তাদের ফিরে আসতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ওই ভাই-বোনকে। পাকিস্তানে ফেরার সময় দু’জনেরই চোখে জল। মাকে ছেড়ে আসতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে তারা। চোখে জল মায়েরও। তারা জানাচ্ছে, কোনও দিন মাকে ছেড়ে তারা থাকেনি। মাকে ছেড়ে এখন কীভাবে থাকবে ভেবে পাচ্ছে না তারা। একই অবস্থা পাকিস্তানে যাওয়া ভারতীয়দের ক্ষেত্রেও। আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করতে যাওয়া থেকে শুরু করে নানা করেণ সেদেশে যাওয়া ভারতীয়দের এখন তড়িঘড়ি ফিরে আসতে হচ্ছে সব কাজ ফেলে রেখেই।