পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে একাধিক ভুয়ো খবর। পাকিস্থান দাবি করে, হরিয়ানার সিরসা, রাজস্থানের সুরতগড় এবং উত্তর প্রদেশের আজমগড়ে ভারতীয় বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে সেনা ও কেন্দ্রীয় সরকার সাফ জানায়, ভারতের কোনও বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে পাক নেটনাগরিকরা সমাজমাধ্যমজুড়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারতের সঙ্গে লড়াইয়ে উঠতে না পেরে মিথ্যা দাবি করে চলেছে পাকিস্তান।

ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিংহ পাক সেনার হাতে বন্দি হয়েছেন বলে একটি ভিডিয়ো পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে। পোস্টে লেখা হয়, ‘যুদ্ধবিমান থেকে লাফিয়ে নামা সময়ে ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিংহ পাকিস্তানি সেনাদের হাতে বন্দি হয়েছেন।’

পাক নাগরিকের পোস্ট করা ভিডিয়োটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই পোস্ট যে একেবারে ভুয়ো তা জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট-চেকিং ইউনিট। শনিবার এক্স হ্যান্ডলে পিআইবি জানিয়েছে, ‘ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলটকে আটক করা হয়নি।

পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর দাবি সম্পূর্ণ মিথ্যে।’ এই ধরনের ভুয়ো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

আদৌতে ওই ভিডিয়ো ২০১৪ সালের বলে স্পষ্ট জানিয়েছে পিআইবি। তারা জানিয়েছে, যখন মহারাষ্ট্রের পুনে-আহমেদনগর হাইওয়ের কাছে কুলওয়াড়ি গ্রামে ভারতীয় বিমান বাহিনীর সুখোই যুদ্ধবিমান SU-30MKI ভেঙে পড়ে।