পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লি-এনসিআর অঞ্চলে বাতাসের গুণমান ক্রমেই খারাপ হচ্ছে।  পাশাপাশি বাড়ছে দিল্লি লাগোয়া রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের খড় পোড়ানোর ঘটনা। এমতাবস্থায় খড় পোড়ানো রুখতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ব্যবস্থা নিতে আর্জি জানালেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা।
Advertisement
খড় পোড়ানো এবং বায়ুদূষণ নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখেছেন  সাক্সেনা। বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখে ভি কে সাক্সেনা অনুরোধ জানিয়েছেন, “পঞ্জাবে পারালি (খড়) পোড়ানো নিয়ন্ত্রণে জরুরী এবং মৌলিক ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি, যা জাতীয় রাজধানীকে আবার গ্যাস চেম্বারে রূপান্তরিত করেছে।” প্রসঙ্গত, এদিনই এক সাংবাদিক সম্মেলনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আশ্বস্ত করেছেন, “পঞ্জাবের প্রধান হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, আগামী বছরের নভেম্বরের মধ্যে আমরা খড়ের সমস্যা সমাধান করে ফেলব। কেন্দ্রেরও একসঙ্গে কাজ করা উচিত, এটি উত্তর ভারতের সমস্যা।”