পুবের কলম, ওয়েবডেস্ক:কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে মাথা পেতে নিলেন পরাজয়ও। জানিয়ে দিলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আরও বেশি করে তাঁরা কর্নাটকের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

এদিন ভোটের ফলাফল নিয়ে ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘কর্নাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।
আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করতে চাই। আমরা আগামী দিনে আরও আন্তরিকভাবে কর্নাটকের সেবা করব।’

এরপর কংগ্রেসের উদ্দেশে তিনি লিখলেন, ‘কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। জনগণের আশা-আকাঙ্খা পূরণে তাদের প্রতি আমার শুভকামনা রইল।’