পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৪ বছর। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকারী ভেনিজুয়েলার পেরেজ মোরা মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

"

 

এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন পেরেজ মোরা। তাঁর ডাকনাম ছিল টিও ভিনসেন্ট। তিনি পেশায় কৃষক ছিলেন।

জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন। তারপর থেকেই স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন।

এদিকে, ২০২২ সালে পেরেজ মোরাকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। সে সময়ে তাঁর বয়স ছিল ১১২ বছর। পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।