পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও। সংগঠনের উদ্যোগে নিউ জলপাইগুড়ি ও আশপাশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের হাতে বিশেষ স্কলারশিপ তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
ছাত্র সংগঠনটির রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখেন। তান্দুর চা বাগান, বামনডাঙা, সুলকাপাড়া, ছরটন্ডু ও খয়েরবাড়ি—এই পাঁচটি এলাকার মোট ৩৮ জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন:
আব্দুল ওয়াকিল জানান, “বন্যায় বহু পড়ুয়ার বইখাতা ও সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে। এই স্কলারশিপ তাঁদের আবার পড়াশোনায় ফিরতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, “এটি প্রাথমিক পর্যায়ের উদ্যোগ। আগামীতেও দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে এসআইও থাকবে।” প্রতিনিধি দলে আরও ছিলেন রাসেল কাইজার, উমর আলি মোমিন, রফিকুল ইসলাম এবং স্থানীয় সমাজকর্মী সেখ আমিনুল।