পুবের কলম,ওয়েবডেস্ক:  ১০ শতাংশ মুসলিমের দেশ শ্রীলঙ্কায় আয়োজিত হল হিফজুল কুরআন প্রতিযোগিতা। শ্রীলঙ্কায় সউদি  দূতাবাস এবং দেশটির ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রক যৌথভাবে  এ প্রতিযোগিতার আয়োজন করে।

গত সোমবার এ প্রতিযোগিতা শেষ হয়। শ্রীলঙ্কার ধর্ম ও সংস্কৃতিমন্ত্রী বিদুর বিক্রমনায়েক বলেন, ‘কুরআন প্রতিযোগিতার  এই অনুষ্ঠানটি সউদি আরবের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়কে চিহ্নিত করেছে।
আগে থেকেই সউদির সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমরা দেশটির সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক লালন করি। এখন আমরা সাংস্কৃতিক কূটনীতির পথেও অগ্রসর হচ্ছি। প্রতিযোগিতাটি শিক্ষা, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতার জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধনকে মজুবত করবে।
’ শ্রীলঙ্কার সংসদ স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা বলেছেন, এই ধরনের প্রতিযোগিতা শ্রীলঙ্কার মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের শিক্ষার উপলব্ধি তাদের মধ্যে সৎ নৈতিকতা এবং ভদ্র আচার-ব্যবহার আনতে সাহায্য করবে।

তাদের ধর্মীয় অনুশীলন আমাদের বহু-জাতিগত শ্রীলঙ্কায় একটি উন্নত সামাজিক জীবনব্যবস্থা তৈরিতে সাহায্য করবে। সউদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রকের প্রতিনিধি বদর আল-আনাজি, শ্রীলঙ্কায় সউদি রাষ্ট্রদূত খালিদ বিন হামুদ আল-কাহতানি কলম্বোতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুরআজ হিফজ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার বিভিন্ন শহর ও প্রদেশ থেকে আসা শত শত প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সোমবার সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের পুরস্কৃত করা হয়।