পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। তার আগে বিজেপির একাধিক নেতা কর্মীরা যোগ দিলেন তৃনমূলে। যার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা পবিত্র কর। মঙ্গলবার কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর দফতরে গিয়ে তাঁর হাত থেকেই দলের পতাকা তুলে নেন পবিত্র। এই যোগদানের পরেই নন্দীগ্রামে সম্ভাব্য ‘শুভেন্দু বনাম পবিত্র’ লড়াই নিয়ে জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন:
এদিনই তৃনমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। ঝাড়গ্রামে দলে যোগ দেন সাধু রামচান মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার মঙ্গল সোরেন। কৃষ্ণনগরেও তৃণমূলের পতাকা হাতে তোলেন সমাজসেবী অভিনব ভট্টাচার্য।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিটে কালীঘাটের বাসভবন থেকেই সেই তালিকা প্রকাশ হওয়ার কথা।ইতিমধ্যেই বামফ্রন্ট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বিজেপিও ১৪৪টি আসনে প্রার্থিতালিকা প্রকাশ করেছে। ফলে শাসকদলের তালিকা ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, এ বার তৃণমূল তরুণ মুখদের উপর বেশি ভরসা রাখতে পারে।আরও পড়ুন:
এই প্রেক্ষাপটেই পবিত্র করের ‘ঘর ওয়াপসি’ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র একসময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দেন তিনি।
এমনকি নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও রাজনৈতিক মহলে শোনা যায়।তবে পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকেও কিছুটা সরে যান তিনি। যদিও ব্যক্তিগত সম্পর্ক বজায় ছিল বলেই জানা যায়। সাম্প্রতিক সময়ে নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক অবস্থান নিয়ে শুভেন্দু ও পবিত্রর মধ্যে মতবিরোধ তৈরি হয় বলেও স্থানীয় সূত্রে খবর।এরপর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ছিল বলে শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল মঙ্গলবার।