‘ঠিক কী লুকোনোর চেষ্টা চলছে?’—‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতিপূর্ণ ভোটারদের তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারের মধ্যেই এই তালিকা প্রকাশ করার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তা প্রকাশ না হওয়ায় কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) সংক্রান্ত তৃণমূলের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা প্রকাশের কথা। এর আগেই গত ৩১ ডিসেম্বর অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ভোটারের তালিকা প্রকাশের দাবি জানায়।

বিষয়টি সুপ্রিম কোর্টেও উত্থাপিত হয় এবং আদালত তালিকা প্রকাশের স্পষ্ট নির্দেশ দেয়। তালিকা প্রকাশে বিলম্ব ঘিরে অভিষেকের প্রশ্ন, যে সফটওয়্যার নাকি মাত্র এক ঘণ্টার মধ্যে ৭ কোটিরও বেশি গণনা ফর্ম বিশ্লেষণ করে অসঙ্গতি খুঁজে বের করতে পারে, তা হলে সেই তথ্য প্রকাশে এত দেরি কেন? তাঁর কথায়, “যদি এক ঘণ্টায় ত্রুটি ধরা যায়, তবে সেগুলো প্রকাশ করতে দিনের পর দিন সময় লাগছে কেন? নির্বাচন কমিশন কী যুক্তি খুঁজছে, নাকি কিছু গোপন করার চেষ্টা চলছে?” এই বিলম্ব নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।