পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে ধীরগতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে তৃণমূল কংগ্রেস। গণনা প্রক্রিয়া কেন এত ধীরগতিতে চলছে এবং কেন এখনও পর্যন্ত সব কেন্দ্রের স্পষ্ট প্রবণতা সামনে আসছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। সোমবার এ বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী এবং দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। 

তাঁর অভিযোগ, অনেক গণনাকেন্দ্রেই এখনও পর্যন্ত মাত্র দু-এক দফা গণনা সম্পন্ন হয়েছে, আবার কিছু কেন্দ্রে সেই প্রক্রিয়াও শুরু হয়নি বলে খবর মিলছে। এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা না মেলায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, ভোটগণনার প্রাথমিক ফলাফল ও প্রবণতা দ্রুত প্রকাশ করা উচিত, যাতে সাধারণ মানুষ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান। কমিশনের এই নীরবতা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রাথমিক ফলাফল যেদিকেই ইঙ্গিত করুক না কেন, তৃণমূল কর্মী-সমর্থকেরা নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রাখবেন। তাঁর কথায়, দলীয় কর্মীরা নিজেদের ঘাঁটি অটুট রাখতে বদ্ধপরিকর এবং কোনও পরিস্থিতিতেই পিছিয়ে আসবেন না। উল্লেখ্য, রাজ্যের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা চলছে।

অধিকাংশ কেন্দ্রেই তিন থেকে চার দফা গণনা সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ১৮৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে ১০২টি আসনে। বাম জোট দুটি আসনে এবং অন্যান্য রাজনৈতিক শক্তি ছয়টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।