পুবের কলম ওয়েব ডেস্কঃ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, চলতি মাস পর্যন্ত প্রকল্পগুলির সুবিধা মিলবে, তবে আগামী মাস থেকে সেগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত সহায়তা দেওয়া হত, সেগুলি আর চালু রাখা হবে না। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।আরও পড়ুন:
নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে বিজেপি কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা এবং আর্থিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল।
সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতির দিকেই বড় পদক্ষেপ নেওয়া হল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। মনে করা হচ্ছে এর ফলে পূর্বতন সরকারের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের জন্য ভাতার প্রকল্পও বন্ধ হয়ে যেতে পারে। যদিও সরকারিভাবে নির্দিষ্ট প্রকল্পের নাম এখনও ঘোষণা করা হয়নি।আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই ধর্মের ভিত্তিতে সরকারি ভাতা প্রদান নিয়ে বিরোধিতা করে আসছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল, এই ধরনের প্রকল্পের মাধ্যমে তোষণের রাজনীতি করা হয়েছে এবং এর ফলে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।