পুবের কলম, ওয়েবডেস্ক: আবহাওয়া দফতর আগেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেইমতো মঙ্গলবার রাত থেকে কলকাতা শহর পার্শ্ববর্তী জেলা ও শহরতলীতে বৃষ্টি শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলার সতর্কতাঁর কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টিপাত।

এই বৃষ্টির নেপথ্য রয়েছে একটি নিম্নচাপ বলয়। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ এবং আশপাশের অঞ্চল, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ বলয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ছুটে আসার কারণে রাজ্য জুড়ে আগামী দু’তিন দিন বৃষ্টি চলতে পারে।

বঙ্গে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, দুর্যোগ কতদিন, জানালো আবহাওয়া দফতর বৃষ্টির মধ্যেই ব্যস্ত কলকাতার রাজপথ (ছবি- সন্দীপ সাহা)

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। টানা দু’তিন দিন বৃষ্টির ফলে তাপমাত্রারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর। আগামী দু’তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বঙ্গে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, দুর্যোগ কতদিন, জানালো আবহাওয়া দফতর বৃষ্টির ছবি- সন্দীপ সাহা

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি কম। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বঙ্গে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, দুর্যোগ কতদিন, জানালো আবহাওয়া দফতর

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকা।