পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে বড় ঘোষণা করল নতুন সরকার। পশ্চিমবঙ্গের প্রতিটি মেয়েদের স্কুলে বসানো হবে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের বিশেষ যন্ত্র, যাকে বলা হয় স্যানিটারি  ন্যাপকিন ভেন্ডিং মেসিন। এই ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাজ্যের মা-বোনেদের স্বাস্থ্য, নিরাপত্তা ও দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নারীদের পাশে সবসময় থাকার অঙ্গীকার নিয়েই কাজ করছে নতুন সরকার।

কর্মক্ষেত্র, বিদ্যালয় ও কলেজে নিরাপত্তার পাশাপাশি মেয়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবাও নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্যেই ইতিমধ্যে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি গার্লস স্কুলে ন্যাপকিন পাওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেয়েদের ও ছেলেদের জন্য উন্নত মানের পৃথক শৌচাগার তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে। এই শৌচাগারগুলিতে পর্যাপ্ত জল, হাত ধোয়ার ব্যবস্থা, মেয়েদের জন্য ন্যাপকিন রাখার যন্ত্র এবং ব্যবহৃত ন্যাপকিন দ্রুত নষ্ট করার বিশেষ ব্যবস্থাও থাকবে।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি প্রকল্প নয়, বাংলার মেয়েদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রকাশ। ঋতুস্রাবজনিত সমস্যায় যাতে কোনও ছাত্রী বা নারী অস্বস্তিতে না পড়েন, সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, অনেক নারী জানিয়েছেন হঠাৎ ঋতুস্রাব শুরু হলে প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে না থাকায় তাঁরা সমস্যার মুখে পড়েন। অধিকাংশ নারী চান শৌচাগারে এই প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই থাকুক। সেই বাস্তব চাহিদার কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই নারী সুরক্ষা ও নারীকল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল নারীদের স্বাস্থ্য সুরক্ষার এই নতুন উদ্যোগ।