পুবের কলম,ওয়েবডেস্ক: খুবলে খুবলে উপরে নেওয়া হয়েছে চোখ। কেটে নেওয়া হয়েছে পুরুষাঙ্গ। ফের নৃশংস খুনের সাক্ষী থাকল বিহার। সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্যের গোপালগঞ্জ জেলায় বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এক পুরোহিত। গত শনিবার রক্তাক্ত অবস্থায় ওই পুরোহিতের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
এমনকি দেহ উদ্ধার হওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে স্থানীয় বাসিন্দারা। জনতার সঙ্গে সংঘর্ষে দুই পুলিশকর্মী আহত হয়েছেন। গোপালগঞ্জ সদরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রাঞ্জল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনোজ কুমার। গোপালগঞ্জ জেলার দানাপুর গ্রামের শিব মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। পাশাপাশি বিজেপি নেতা অশোক কুমার শাহর ভাই তিনি।
গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন মনোজ। অভিযোগ, মন্দির থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়েছিল ওই পুরোহিত’কে। থানায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার গ্রামের একটি জঙ্গল থেকে মনোজের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। চোখ উপড়ানো, পুরুষাঙ্গ কাটা দেহ মিলতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনায় পাঁচ জনকে আটক করে পুলিশ। গোটা ঘটনায় নীতীশ সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি । বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালার কটাক্ষ, আইএস জঙ্গিরা যে ভাবে খুন করে, সে ভাবে খুন করা হয়েছে পুরোহিতকে। বিহারে ‘জঙ্গলরাজ’ কায়েম হয়েছে আবার।আরও পড়ুন:
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিহারের বাগাহায়, মন্দির থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল স্থানীয় এক মন্দিরের পুরোহিতকে। নাম অরুণ পাণ্ডে। সেই হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলছে। কে বা কারা তাঁকে হত্যা করেছিল, এখনও সুরাহা করতে পারেনি পুলিশ।