পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের পাশাপাশি জল জীবন প্রকল্পের জন্য অবশেষে পশ্চিমবঙ্গকেই দেশের মুখ হিসেবে তুলে ধরতে বাধ্য হল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজ্যে চলতে থাকা কেন্দ্রের ‘ স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্প রূপায়নের সাফল্য এবং উন্নয়নের নিরিখে এবার অন্যান্য রাজ্যগুলিকে পেছনে ফেরে শীর্ষ স্থান দখল করলো পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়নে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির চেয়ে অনেকটাই এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। ফলে এবার দেশের মুখ হিসেবে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গকেই ‘রোল মডেল’ হিসেবে বেছে নিতে কার্যত বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে চলা বলা ভালো ‘স্বচ্ছ ভারত মিশন’-এর সার্বিক রূপায়নে শীর্ষ স্থান দখল করায় রাজ্যের মুকুটে যোগ হলো আরও একটি সাফল্যের পালক।
আরও পড়ুন:
জানা গিয়েছে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনের জাতীয় স্তরের অধিবেশন অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশে। সেই অধিবেশনেই ‘স্বচ্ছ ভারত মিশন’-এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গকেই দেশের সামনে মডেল হিসেবে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। রাজ্যে ধূসর জলের ব্যবস্থাপনা, প্লাস্টিক বর্জন এবং স্বচ্ছতার প্রচারাভিযানে দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। ফলে এই তিন বিষয়ে বাংলার সাফল্যের রহস্য দেশের সামনে তুলে ধরার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে।
আরও পড়ুন:
যদিও নবান্ন সূত্রে খবর, কেন্দ্র সরকারের উদ্যোগে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত দুই দিনের জাতীয় অধিবেশনে রাজ্যের পক্ষ থেকে যোগদানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।