পারিজাত মোল্লা:  শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বড়সড় উত্তরবঙ্গে পশু বলি সংক্রান্ত মামলা। এদিন উত্তর দিনাজপুরে দশ হাজার পাঁঠা বলির উপর নিষেধাজ্ঞা দিল না আদালত । এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানয়েছে, -' এই সব উত্‍সবের অন্য ধরনের মেজাজ থাকে। এর সঙ্গে জড়িত অনেকের বিশ্বাস। অনেক রাজ্যে মোরগ লড়াই হয়।

জাল্লিকাট্টুর মতো খেলা আদালত বন্ধ করে দেয়নি'।

এই কথা জানিয়ে পাঁঠাবলির উপর নিষেধাজ্ঞা দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানা গেছে, উত্তর দিনাজপুরে রাসপূর্ণিমার পর বোল্লা গ্রামে শুরু হয় বোল্লা কালী পুজো। সেই পুজোয় দশ হাজার পাঁঠা বলি হয়। এই পাঁঠাবলি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

এদিন এজলাসে সওয়াল-জবাব পর্বে মামলাকারীর আইনজীবী বলেন -' লাইসেন্স ছাড়া যেখানে-সেখানে পশুবলি হতে পারে না। রাজ্যের উচিত এটা বন্ধ করা। পশুদের উপর হিংসা বন্ধ করা উচিত'।

এইপর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, ''উত্‍সব শুরু হয়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে বলি বন্ধ করা সম্ভব নয়।

তবে পুজো কমিটিকে বলতে পারি, যাতে আইন অনুযায়ী ব্যবস্থা করে।'' আগামী মার্চ মাসে এই নিয়ে এই রিপোর্ট দেবে সংশ্লিষ্ট পুজো কমিটি।এই মামলার রায় দিতে গিয়ে জাল্লিকাট্টু নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গও টেনেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

চলতি বছর তামিলনাড়ুতে ষাঁড়ের খেলা জাল্লিকাট্টুকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে তামিলনাড়ু সরকার যে আইন এনেছিল, তাকে বৈধতা দিয়েছে। কেএম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে, -'জাল্লিকাট্টুর সঙ্গে নৃশংসতার কোনও যোগ নেই'। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।