পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড়কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত সিআইএসএফ-জওয়ানের মা। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জওয়ানের মা বীর কৌর বলেন, ‘আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে।’ পাশাপাশি অভিযুক্ত জওয়ানের দাদা শের সিং মাহিভাল জানিয়েছেন, ‘আমি সংবাদমাধ্যমে চণ্ডীগড় বিমানবন্দরের ওই ঘটনা দেখেছি। কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এই ঘটনাটি ঘটেছে।
তর্কবিতর্কের পরে আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়েছিল, যে কারণে ঘটনাটা ঘটেছে। সেনা এবং কৃষক, দুই পক্ষই তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমরা আমার বোনকে পূর্ণ সমর্থন করছি।’আরও পড়ুন:
প্রসঙ্গত, সিআইএসএফ-জওয়ানের মা বীর কৌর নিজেই পঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
আন্দোলনরত কৃষকদের কটুক্তি করা নিয়ে ক্ষোভের কারণে কঙ্গনাকে চড় মেরেছেন অভিযুক্ত জওয়ান কুলবিন্দর কৌর। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত সিআইএসএফ-এর ওই মহিলা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। সিআইএসএফ-এর তরফে সাময়িকভাবে তাঁকে বরখাস্তও করেছে সিআইএসএফ। যদিও চাকরি হারানোর ভয় করিনা বলে সাফ জানিয়েছেন কুলবিন্দর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার নিজের চাকরির চিন্তা নেই, মায়ের সম্মানের জন্য আমি এমন হাজারও চাকরি কুরবান করতে পারি।’