পুবের কলম, ওয়েবডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের  রক্ষাকবচের আবেদন খারিজ করল হাই কোর্ট। এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি দুর্নীতি মামলায় রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল। ফলে এবার সিবিআই চাইলে এখন পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে।

শুক্রবার সকালেই আদালতের কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা।

আদালতকে তাঁরা বলেছিলেন,  পার্থের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। একই সঙ্গে, আদালতের কাছে আইনজীবীদের আবেদন ছিল,  সিবিআই যেন পার্থকে হেফাজতেও না নেয়। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ  দিল শুক্রবার দুপুরে। ফলে এসএসসি দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল পার্থর।

‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই। নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত। নাহলে আশা করব মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তাঁকে সরানোর বিষয়টি ভেবে দেখবেন।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক। এমনই আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এর পরেই আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্যে বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না।