পারিজাত মোল্লা:  সোমবার চিকিত্‍সক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর ঘটনায় নিম্ন আদালতের বিচার স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । চিকিত্‍সক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর মামলায় নিম্ন আদালতের বিচার স্থগিত করল কলকাতা হাইকোর্ট ।

উচ্চ আদালত জানিয়েছে -'এই সময়ের মধ্যে সিআইডি নিম্ন আদালতে অতিরিক্ত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবে '। এদিন এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত ।ক্ষুব্ধ বিচারপতি এদিন এজলাসে এই মামলার শুনানি পর্বে বলেন, "এটা কি ছেলেখেলা হচ্ছে ! কেন নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত করব না ?

একদিকে আরও তদন্ত করার কথা বলে হাইকোর্টে সময় নিচ্ছে, অন্য দিকে নিম্ন আদালতে চার্জ ফ্রেম হচ্ছে । এটা কি ইয়ার্কি হচ্ছে ? দু'জায়গায় দু'রকম স্ট্যান্ড !" কলকাতা হাইকোর্টে সাপ্লিমেন্টেরি চার্জশিট দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে ।

অথচ নিম্ন আদালতে নতুন চার্জশিট দেওয়ার কোনও আবেদন করা হয়নি । এটা খুব অদ্ভুত যে, নতুন করে তদন্ত হচ্ছে, অথচ নতুন চার্জশিট দেওয়ার ব্যাপারে আদালতে কোনও আবেদন করা হল না ।

আরও চমকে যাওয়ার মতো ঘটনা, নিম্ন আদালতে হাইকোর্টের নির্দেশ জানানোই হয়নি । ১৫ সেপ্টেম্বর অভিযুক্তকে চার্জশিটের কপি দিয়ে দেওয়া হয় । নিম্ন আদালত আগামী ১৩ অক্টোবর চার্জ ফ্রেমের দিন ঠিক করেছে ।

এদিন বিচারপতির নির্দেশ, -' বিচারের স্বার্থে আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে । এই সময়ের মধ্যে সিআইডিকে নিম্ন আদালতে বাড়তি চার্জশিট জমা দিতে হবে' । আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ।

এর আগেও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি । তিনি উল্লেথ করেছিলেন যে, পুলিশ আদালতের নির্দেশকে গুরুত্ব দিচ্ছে না । কারণ গত ১০ অগস্ট এই কোর্ট নির্দেশ দেয়, আত্মহত্যা বলা হলেও মৃতের দেহের ক্ষতগুলি নিয়ে এসএসকেএমের চিকিত্‍সকদের থেকে যেন দ্বিতীয় মতামত নেওয়া হয় ।

অথচ ১৮ অগস্ট পুলিশ এসএসকেএমের এই নির্দেশের কথা জানায় । আদালতের মনে হচ্ছে ধৃতকে জামিন পাওয়ার সুযোগ করে দিতে পুলিশের এই আচরণ । তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।