রপুবের কলম প্রতিবেদক: বেক বাগানের পার্ক সার্কাস মার্কেট নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পৌরসংস্থা। তাই এবার পার্ক সার্কাস মার্কেটকে সম্পূর্নভাবে ভেঙে দিয়ে নতুন মার্কেট তৈরি করা হবে বলে জানালেন মেয়র পরিষদ মার্কেট বিভাগ আমিরুদ্দীন ববি। শুক্রবার এই মর্মে মেয়র পরিষদ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান তিনি।

আমিরুদ্দীন ববি জানান, ৫ বিঘা জমিতে রয়েছে এই মার্কেট। যার এক অংশে বিল্ডিং হলেও অন্য ভাগে টিনের শেড দেওয়া মার্কেট রয়েছে।

ফলে একেবারে মার্কেট না ভাঙলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে জানালেন অমিরুদ্দিন ববি। শুধু তাই নয়, পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে চুক্তিবদ্ধ করে তাদেরকে পার্ক সার্কাস ময়দানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান মেয়র পরিষদ মার্কেট বিভাগ। তিনি আরও জানান, পার্ক সার্কাস মার্কেটকে বেসমেন্ট সহ ৬ তলা পর্যন্ত করার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। তবে, সম্পূর্ণ পুরসভার নিজের খরচে পার্ক সার্কাস মার্কেট তৈরি করা হবে বলে জানান আমিরিদ্দিন ববি।

তাঁর অভিযোগ, অনেক সময় পিপিপি মডেলে কিছু করতে গিয়ে সমস্যা পড়তে হয়েছে কলকাতা পৌর সংস্থাকে।

ফলে সেই সমস্যা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পৌর সংস্থার বরাদ্দ অর্থ থেকেই তৈরি করা হবে পার্ক সার্কাস মার্কেট।

মেয়র পরিষদ মার্কেট আরো জানান, এই মুহূর্তে পার্ক সার্কাস মার্কেটে ৪০০ দোকানদার এবং ১৫০-র কাছাকাছি হকাররা রয়েছে। যাদের ৩০ থেকে ৩৫ স্কোয়ার ফিট জায়গায় দোকান রয়েছে তাদেরকে জায়গায় দেওয়া হবে। এছাড়া ৫০% ভাড়াও কমিয়ে দেওয়া হবে।

তিনি জানান, পার্ক সার্কাস মার্কেটের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের মার্কেটকে গ্রেড বি থেকে গ্রেড সি করতে হবে। সেটা মেনেই পার্ক সার্কাস মার্কেটকে গ্রেড সি মার্কেট হিসাবে গণ্য করা হবে বলে জানালেন মেয়র পরিষদ মার্কেট বিভাগ। তবে তাঁর হুশিয়ারি, যদি কেউ সরতে না চায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কলকাতা পৌর সংস্থা।