পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বেজায় ক্ষুব্ধ হয়েছেন? সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে মার্কিন কূটনীতি নিয়ে সদ্য প্রকাশিত একটি বইয়ে। সেখানে দাবি করা হয়েছে, গাজা এবং ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের সময় নেতানিয়াহুর নানা সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন ট্রাম্প। এমনকি একাধিক ফোনালাপে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন বলেও বইটিতে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রীতিমতো গালিগালাজ করেছেন ট্রাম্প। 

জানা গিয়েছে, মার্কিন সংবাদমাধ্যমের দুই সাংবাদিক ম্যাগি হাবারম্যান ও জোনাথন সোয়ান তাঁদের নতুন বই 'রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প'-এ ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের নানা অন্দরমহলের ঘটনা তুলে ধরেছেন।

সেই বইয়ে দাবি করা হয়েছে, গাজায় সংঘাত থামিয়ে আলোচনার পরিবেশ তৈরি করতে আগ্রহী ছিলেন ট্রাম্প। কিন্তু সেই সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিক সামরিক অভিযান চালাতে থাকে। এমনকি কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ট্রাম্পকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে।

বইয়ে আর দাবি করা হয়েছে, ওই ঘটনার পরই নেতানিয়াহুকে ফোন করে ট্রাম্প কঠোর ভাষায় বলেন, তাঁর কর্মকাণ্ডে সবাই বিরক্ত। এমনকি ইহুদি সম্প্রদায়ের অনেক মানুষের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সেই কথোপকথনে উপস্থিত মার্কিন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প।

বইয়ে দাবি করা হয়েছে, হামাস নেতাদের হত্যা করতে ইসরায়েল কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প।  বিষয়টি জানার পরই নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। তখন তিনি নেতানিয়াহুকে কড়া সুরে বলেন, "সবাই তোমার ওপর বিরক্ত। সব ইহুদি তোমার ওপর ক্ষুব্ধ। এমনকি এই ফোনকলে থাকা দু’জন ইহুদিও তোমার ওপর বিরক্ত।
" এমনকি কাতারের শাসকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ক্ষমা চাইতে নেতানিয়াহুকে চাপ দেন ট্রাম্প। শুধু তাই নয়, এক পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে 'বিশ্বাসঘাতক' বলেও উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বলে বইয়ে উল্লেখ রয়েছে। দাবি করা হয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে নেতানিয়াহুর সঙ্গে বেশিরভাগ সময়েই তাঁর বিরোধ চলেছে। শুধু তাই নয়, আমেরিকা নাকি ইরানে আক্রমণ চালানো বন্ধ করতে চেয়েছিল। তবে তাতে রাজী হয়নি ইসরায়েল।

উল্লেখ্য, এমন এক সময়ে বইটি প্রকাশিত হয়েছে, যখন ট্রাম্প ইরানকে ঘিরে উত্তেজনা কমিয়ে সংঘর্ষবিরতির পক্ষে সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। তবে একই সময়ে লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় ট্রাম্পের অসন্তোষ আরও বেড়েছে বলেও বইটিতে দাবি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রাম্পের আরও কিছু কড়া মন্তব্যের উল্লেখ রয়েছে বইটিতে। সেখানে বলা হয়েছে,  ট্রাম্প বলেন, ‘ইহুদি সম্প্রদায়ের লোকেরাও তোমার উপর বিরক্ত।’