আমেরিকায় ভারতীয় নাগরিকদের বহিষ্কার নিয়ে সংসদে বিস্তারিত পরিসংখ্যান দিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। রাজ্যসভায় লিখিত উত্তরে তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩,২৫৮ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। এর মধ্যে ২,০৩২ জনকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে এবং ১,২২৬ জনকে মার্কিন ICE বা CBP-র চার্টার ফ্লাইটে দেশে পাঠানো হয়েছে।
বিদেশমন্ত্রী জানান, গত কয়েক বছরে বহিষ্কৃত ভারতীয়দের সংখ্যা বাড়ছে। ২০২৩ সালে ফেরত পাঠানো হয়েছিল ৬১৭ জনকে, আর গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ১,৩৬৮। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ভারতীয়কে নির্বাসিত করেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ৭৩ বছরের হরজিৎ কৌরকে আমেরিকা থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই এই পরিসংখ্যান সামনে এল। এ ছাড়াও মানব পাচার চক্রের বিষয়েও তদন্ত চলছে বলে জানান জয়শঙ্কর। তাঁর বক্তব্য, পাচারের ঘটনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী পাঞ্জাবের মানুষ।



























