পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি আরও তীব্র হয়ে উঠছে। চলতি সপ্তাহ শেষ হলেই শুরু হবে প্রথম দফার ভোটগ্রহণ। হাতে এখন আর বেশি সময় নেই-মোটামুটি ৯ দিনের মধ্যেই ভোটের ময়দানে নামতে হবে প্রার্থীদের। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে দলের প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এতে তৃণমূলের সমস্ত প্রার্থী, দলের বর্ষীয়ান নেতৃত্ব এবং সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রথম দফায় যে ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে, সেই সব আসনের প্রার্থীদের সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার পরিকল্পনা এবং রাজনৈতিক বার্তা কীভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সে বিষয়ে দিকনির্দেশ দিতে পারেন অভিষেক।এছাড়াও সাম্প্রতিক একটি ঘটনাও এই বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে প্রচারের ময়দানে ব্যবহার করার পরামর্শও প্রার্থীদের দেওয়া হতে পারে বলে সূত্রের ইঙ্গিত।আরও পড়ুন:
গত এক মাস ধরেই রাজ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ধারাবাহিকভাবে জনসভা ও প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার অভিষেকের কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে। কোচবিহারে জনসভা করার পাশাপাশি ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে তাঁর। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের একাধিক কেন্দ্র গুরুত্বপূর্ণ হওয়ায় এই অঞ্চলেই এখন বিশেষ জোর দিচ্ছে শাসক শিবির। তাই ভোটের এক সপ্তাহ আগেও উত্তরবঙ্গেই প্রচারের তাপমাত্রা আরও বাড়াতে চাইছেন মমতা এবং অভিষেক। দিনের কর্মসূচি শেষ করে অভিষেক রাতেই কলকাতায় ফিরে এসে দলের প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।