পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী রবিবার বঙ্গে আসছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিবন্দ কেজরিওয়াল। তার আগে বঙ্গে প্রথম দফার ভোট নিয়ে বড় দাবি করলেন তিনি। কেজরিওয়াল তৃণমূল কংগ্রেসের জয়ের বিষয়ে আশাবাদী। এছাড়াও, কী কারণে ভোটের হার এতো বেশি ছিল? সেই ব্যাখাও করেন তিনি। 

নিজের এক্স হ্যান্ডেল পোস্টে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বাংলায় যে ভোট পড়েছে তা হল এসআইআর বিরোধী ভোট।

শুধু তাই নয়, মোদীর এসআইআর মোদীর বিরুদ্ধেই গেছে বলে দাবি করেন কেজরিওয়াল। তিনি মমতার জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। আপ সুপ্রিমোর কথায়, এসআইআর বিরোধী ভোট মমতার পক্ষেই গিয়েছে। কেজরিওয়াল আগেই দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্যদোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর মমতার হয়ে ভোট প্রচারে তিনি বঙ্গে আসছেন। আগামী ২৬ ও ২৭ এপ্রিল বাংলায় "দিদি"র হয়ে ভোট প্রচার করবেন তিনি।
দুদিন কলকাতায় একাধিক জনসভা ও প্রচারের কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করবেন। আরও জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমারের সমর্থনে টালিগঞ্জে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন কেজরিওয়াল। স্বাভাবিকভাবেই বঙ্গে নির্বাচনী সভা থেকে বিজপিকে বিঁধবেন অরবিন্দ কেজরিওয়াল। সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। 

উল্লেখ্য, গতকাল কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে প্রথম দফার ভোট। এদিন ১৫২ টি আসনে ভোট হয়েছে।

ভোটদানের হারেও সর্বকালীন রেকর্ড করেছে বাংলা। প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে। আর ভোট শেষ হতেই কোন দল কতটা আসন পেতে পারে? তাই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একদিকে, তৃণমূল কংগ্রেস দাবি করেছে তারা ১৩২ থেকে ১৩৫ টি আসন পাবে অন্যাদিকে, বিজেপির দাবি তারা ১১০ টি আসন পেতে পারে।  এই আবহে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিকে তাকিয়ে সব পক্ষ।