পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে নিজের ফ্ল্যাট থেকেই অরূপ মণ্ডল (৩৭) নামে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার হওয়ায় খুনের তত্ত্ব জোরালো হচ্ছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং রাজু নামে তাঁদের এক পরিচিত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম এলাকার ওই আবাসনের ফ্ল্যাটে অরূপ একাই থাকতেন।
খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদেহের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গুলির ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শটার বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার সময় ফ্ল্যাটের ভেতরেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা দাস নামে ওই তরুণী। মৃতের পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কা এবং তাঁর বন্ধু রাজু মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অরূপ আত্মহত্যা করার মতো ছেলে নয়।
পুলিশ ইতিমধ্যেই প্রিয়াঙ্কা ও রাজুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এল এবং খুনের প্রকৃত মোটিভ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।