পুবের কলম ওয়েবডেস্ক: মালদহের কালিয়াচক কাণ্ডে বড় পদক্ষেপ নিল পুলিশ। বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে পেশ করা হলে আদালত তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে ভোটার তালিকা সংক্রান্ত কাজে থাকা সাত জন বিচারককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ জনতা। তাঁদের মধ্যে তিন জন মহিলা বিচারকও ছিলেন।

প্রায় সাড়ে সাত ঘণ্টা ব্লক অফিসের ভিতরে আটকে থাকার পর গভীর রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে।

এই ঘটনার জেরে তদন্তে নেমে পুলিশ আইএসএফ প্রার্থী শাহজাহান আলি-সহ ১৮ জনকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারির পর অভিযুক্ত প্রার্থীর দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, ঘটনার সময় তিনি বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন না; একটি জলসা থেকে ফেরার পথে তাঁকে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার সকাল থেকেই।

মালদহের বিভিন্ন এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আগে সেই সমস্যার সমাধান করতে হবে, তারপর ভোট গ্রহণ করা হোক।

দুপুর গড়াতেই কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। বিকেলের আগেই বিক্ষোভকারীরা ব্লক অফিস ঘিরে ফেলে এবং গেট অবরুদ্ধ করে দেয়। ফলে বিকেল থেকে ব্লক অফিসের ভিতরে আটকে পড়েন বিচারকেরা। দীর্ঘক্ষণ উত্তেজনার পর শেষমেশ গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়।