পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ু মন্ত্রিসভার ব্যাপক সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভায় নতুন করে আরও ২৩ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই সম্প্রসারণের সবচেয়ে বড় চমক হলো তামিলনাড়ু ভেট্রি কাঝাগাম (টিভিকে) সরকারের মন্ত্রিসভায় কংগ্রেসের অন্তর্ভুক্তি। এর মাধ্যমে দীর্ঘ প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুর শাসন ক্ষমতায় বা সরকারি প্রশাসনে প্রত্যাবর্তন ঘটল হাত শিবিরের।
আরও পড়ুন:
এদিন চেন্নাইয়ের ‘লোক ভবন’-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রীরা পদ ও গোপনীয়তার শপথ নেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। টিভিকে দলের পক্ষ থেকে যে সমস্ত প্রথম সারির বিধায়কেরা এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন শ্রীনাথ, এস কমলি, সি বিজয়লক্ষ্মী এবং আর ভি রঞ্জিতকুমার।
আরও পড়ুন:
কংগ্রেস দলের পক্ষ থেকে কিলিয়ুর কেন্দ্রের প্রতিনিধি এস রাজেশ কুমার এবং মেলুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী পি বিশ্বনাথন এদিন জোসেফ বিজয়ের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেন।
তামিলনাড়ুর রাজনীতিতে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৬৭ সালে তামিলনাড়ুর ক্ষমতা হারানোর পর থেকে কংগ্রেস সেখানে কোনওদিন সরাসরি সরকারের অংশ হতে পারেনি। ফলে এই অন্তর্ভুক্তি রাজ্যের রাজনৈতিক সমীকরণকে অনেকটাই বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন:
তামিলনাড়ুর জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) ভারপ্রাপ্ত নেতা গিরিশ চোডাঙ্কার এই অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “এটি তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে একটি বড় ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনকারী ঘটনা।”