পুবের কলম ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের ওপর ড্রোণ ওড়ানোর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অঙ্কিতকুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নুর আখতার। জানা যাচ্ছে, ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। তবে তিনজনই দাবি করেছেন, তারা তৃণমূল প্রার্থীর হয়েই প্রচার করছিলেন।
আরও পড়ুন:
জানা যায়, গতকাল দুপুর ১ টা নাগাদ চাঁচল মহকুমার মালতিপুর বিধানসভার সামসি কলেজ মাঠে সভা ছিল মমতার।
সেখানকার তৃণমূল প্রার্থী আব্দূর রহিম বক্সি, হরিশ্চন্দ্রপুরে দলীয় প্রার্থী মতিবুর রহমান , রতুয়ার প্রার্থী সমর মুখোপাধ্যায় হয়ে প্রচার করছিলেন তিনি। আধ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বক্তব্য রাখেন। বক্তব্য শেষ হতেই তিনি মঞ্চ ছেড়ে সভাস্থলের পাশে অবস্থিত হেলিপ্যাডে পৌঁছন। সেখানে লক্ষ্য করেন, হেলিকপ্টারের ওপর একটি ড্রোণ ঘুরছে। সেটি দেখা মাত্রই মমতার সন্দেহ হয়। মমতার দাবি, ড্রোণটির গতিবিধি রহস্যজনক। সেটি দেখা মাত্রই মমতা পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশের উচিত এর ওপর নজর রাখা। কারা করেছে? তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। তিনি ঘটনায় তদন্তের নির্দেশ দেন। এরপরেই সেখানে কার্যত হুলুস্থুল পড়ে যায়।আরও পড়ুন:
ধৃতেরা জানিয়েছেন, তারা ওই সভায় যোগ দেন। তারা ড্রোণ ওড়ানোর কথা স্বীকার করেন। তাদের দাবি, ভালো ফুটেজ পাওয়ার জন্যই ড্রোণ ওড়ানো হয়েছিল। ধৃতেরা আরও দাবি করেন, তারা তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করছিলেন। যদিও দলের তরফে এখনও এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।