পুবের কলম ওয়েবডেস্ক: শহরে হঠাৎ করেই পারদপতন। এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তা ৩ ডিগ্রি কমে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
শুক্রবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই শীতল হাওয়া বইছে। তবে, আগামী কয়েক দিনে হাড়কাঁপানো শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলেই জানা গেছে। বরং দু’দিন পর থেকে আরও বাড়বে তাপমাত্রা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে কুয়াশায় ঢাকা পড়বে গোটা রাজ্য। দৃশ্যমানতা কম থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে এখনই ঠান্ডার হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে উত্তরবঙ্গের শৈলশহরগুলিতে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।