পুবের কলম, ওয়েবডেস্ক : তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি কাবাবের রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কাবাবের রেস্তোরাঁটিতে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে বলেন, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের সিলিন্ডার থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ।
আরও পড়ুন:
এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের সিলিন্ডার লিকেজের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা এখনও স্পষ্ট নয়। কারণ তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ জানিয়েছেন, বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি।
আরও পড়ুন: