পুবের কলম, ওয়েবডেস্ক:  পুরুষাঙ্গে লঙ্কাগুঁড়ো ছড়িয়ে হেনস্থা। প্রেমের জেরে পিটিয়ে খুন করা হল যুবককে। নাবালিকা প্রেমিকার বাবা-মা ও আত্মীয় স্বজনই এই খুন করেছে বলে অভিযোগ। বুধবার রাতে হায়দরাবাদের মেদচাল জেলার পোচারাম আইটি করিডোর থানার সীমানায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। মৃত ১৮ বছর বয়সী যুবকের নাম কিরণ।

পুলিশ সূত্রে খবর, মেয়েটি বাবা-মা ঘরে না থাকার সুযোগে যুবক তার প্রেমিকার বাড়িতে যায়। পাড়া পড়শি সহ, আত্মীয়রা নাবালিকার বাবা-মাকে এই কথা জানান। তখনই বাবা-মা ছুটে এসে যুবককে হাতেনাতে পাকরাও করেন। নাবালিকার আত্মীয়রা যুবকের পুরুষাঙ্গে লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দেয়। প্রায় একঘণ্টা ধরে যুবকের উপর নানারকম শারীরিক হেনস্থা সহ মারধর চলে।

বেধরক মারে মৃত্যু হয় কিরণের।

স্থানীয়দের মুখে পুলিশ খবর পেয়ে যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের অধীনে পোচারাম আইটি করিডোর থানায় একটি খুনের মামলা দায়ের হয়েছে। ৯ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের পরিবার এই ঘটনায় থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।