পুবের কলম, ওয়েবডেস্ক: লখিমপুর কাণ্ডের ছায়া এবার হরিয়ানার (Haryana) আম্বালায়। কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপরে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির (BJP) এক সাংসদের বিরুদ্ধে। এই ঘটনায় একজন কৃষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত কৃষককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়াব সাইনি এবং স্থানীয় বিধায়ক সন্দীপ সিংহ আসছেন শুনে নারাইনগড়ের সাইনি ভবনের কাছে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। গোলমালের আশঙ্কায় সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
অভিযোগ, সেখানে আচমকাই কৃষকদের জটলায় ঢুকে পড়ে একটি গাড়ি। গাড়ির তলায় পড়ে যান এক কৃষক। তাঁকে উদ্ধার করেন বাকিরা। কৃষকদের অভিযোগ, যে গাড়ি তাঁদের চাপা দিয়েছিল তার মালিক বিজেপি সাংসদ নায়াব সাইনি। আহত কৃষকের দাবি, যে গাড়িটির তলায় তিনি চাপা পড়েছিলেন তাতে বসে ছিলেন ওই বিজেপি সাংসদ।আরও পড়ুন:
আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে আম্বালার কাছে নারাইনগড়ের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ওই কৃষককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন কৃষকরা। নারাইনগড়ের সাইনি ভবনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খনি মন্ত্রী মূলচাঁদ শর্মা, সাংসদ নায়াব সাইনি প্রমুখ। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষের পর সাংসদের কনভয় বেরনোর সময় এই ঘটনা ঘটে।আরও পড়ুন:
গত রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় চাপা পড়ে লখিমপুরে ৪ জন কৃষকের মৃত্যু হয়।এমন ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
অশান্তির মাঝে পড়ে আরও ৪ জন প্রাণ হারান। গোটা ঘটনাকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।মামলার পরবর্তী শুনানি আগামিকাল শুক্রবার। সেই বিতর্কের মাঝেই এবার হরিয়ানাতেও বিক্ষোভকারী কৃষকদের আঘাত করার অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধেও।