পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আগেই রাজ্যে ক্রমবর্ধমান অশান্তির প্রেক্ষিতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকেই গোটা রাজ্যে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। নতুন নির্দেশ অনুযায়ী, পূর্বানুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নিয়ম ভাঙলেই সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর-এ যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।কমিশন আরও জানিয়েছে, বিক্ষোভ বা জমায়েতের নামে আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে বিএলও রক্ষা কমিটি মঞ্চকে ঘিরে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে—আবার বিক্ষোভে নামলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাসপেনশন পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় সিইও দফতরের সামনে ফর্ম ৬ ইস্যুতে তুমুল বিক্ষোভ হয়। তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে, মালদহের কালিয়াচকে এসআইআর-এর কাজে থাকা বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনাও বড় উদ্বেগ তৈরি করেছে। এই সব ঘটনার জেরেই কড়া নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কমিশন।