পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, তার জন্য আগাম সতর্কর্তামূলক ব্যবস্থা হিসেবে ফরিদাবাদ জেলার একাংশে মোবাইল ইন্টারনেট, বাল্ক এসএমএস এবং ডংগল-ভিত্তিক ডেটা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিল হরিয়ানা সরকার। শনিবার এই উচ্ছেদ অভিযান চলাকালীন জনসুরক্ষা ও এলাকায় শান্তি বজায় রাখতেই প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে।

একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরিদাবাদের এনআইটি জোনের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শনিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ওই দিন রাত ১০টা পর্যন্ত এই কড়াকড়ি জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ অভিযান চলাকালীন যাতে কোনও ধরনের গুজব, ভুয়ো খবর বা উস্কানিমূলক বার্তা ছড়িয়ে এলাকায় উত্তেজনা তৈরি করা না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

প্রশাসনের আশঙ্কা, উচ্ছেদ প্রক্রিয়াকে বাধা দিতে আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের জড়ো করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং পরিষেবাগুলিকে অপব্যবহার করা হতে পারে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি আদেশে স্পষ্ট বলা হয়েছে, “ফরিদাবাদ জেলার এনআইটি জোনে ইন্টারনেট পরিষেবার অপব্যবহার করে উস্কানিমূলক কনটেন্ট এবং মিথ্যা গুজব ছড়ানোর একটি স্পষ্ট আশঙ্কা রয়েছে। এর ফলে জনপরিষেবা বিঘ্নিত হতে পারে, সরকারি সম্পত্তির ক্ষতি হতে পারে এবং আইনশৃঙ্খলার বড়সড় অবনতি ঘটতে পারে।”

আদেশে আরও সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের উস্কানিমূলক কনটেন্ট বড়সড় জমায়েত বা ক্ষিপ্ত জনতাকে উস্কে দিতে পারে, যা পরবর্তীতে হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর সেই কারণেই এই মেগা উচ্ছেদ অভিযানের সময় পুরো এলাকাকে ডিজিটালি অবরুদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার।